গরুবোঝাই নসিমনের ধাক্কায় প্রাণ গেলো ২ জনের

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর ব্রিজের পূর্ব পাশে নসিমনের ধাক্কায় অটোরিকশাচালক ও এক কিশোর নিহত হয়েছে।

Oct 9, 2025 - 13:43
Oct 18, 2025 - 15:28
গরুবোঝাই নসিমনের ধাক্কায় প্রাণ গেলো ২ জনের

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে মো. জনি (১২) এবং অটোরিকশাচালক কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে মো. হাইফোত হোসেন (৫২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে একটি গরু বোঝাই নসিমন বেপরোয়া গতিতে এসে নওঁগা হাটের দিকে যাওয়ার সময় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক হাইফোত হোসেন এবং যাত্রী কিশোর জনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ওসি জিয়াউর রহমান আরও জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।