কেন্দ্রীয় জমিয়ত নেতার মরদেহ উদ্ধারের ঘটনায় উত্তাল সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক
তুর্য দাস (সুনামগঞ্জ প্রতিনিধি
নিখোঁজের পর কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমেদের মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হত্যার রহস্য উদঘাটন না হওয়ায় বিক্ষুব্ধ নেতাকর্মী ও স্থানীয়রা শনিবার বিকেল থেকে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে সদর থেকে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ফেরার পথে মুশতাক নিখোঁজ হন। তিন দিন পর দিরাই উপজেলার একটি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবার ও জমিয়তের পক্ষ থেকে এটি হত্যাকাণ্ড দাবি করে দ্রুত খুনিদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।
দাবি পূরণ না হওয়ায় বিকেল সাড়ে ৩টা থেকে মদনপুর পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। সিলেট, সুনামগঞ্জ ও দিরাই—তিন দিক থেকে সড়ক অবরুদ্ধ হয়ে শত শত যানবাহন আটকা পড়ে। যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
এ সময় বিক্ষোভকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ চালিয়ে যান। রাত পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন জেলার নেতারা।



