আজ ইসির নির্বাচনি সংলাপ, অংশ নেবেন যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। অক্টোবর জুড়ে চলবে এই সংলাপ। এই সংলাপে পর্যায়ক্রমে সুশীল সমাজ, রাজনৈতিক দল, নারী প্রতিনিধি ও নির্বাচন বিশেষজ্ঞরা অংশ নেবেন।
রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে সংলাপ হবে। দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।
এই আলোচনায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সংলাপটি নির্বাচন কমিশনের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হবে, যা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
ইসি সূত্রে জানা গেছে, আজকের সংলাপে সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান ও রাশেদা কে চৌধুরী প্রমুখকে। অপরদিকে শিক্ষাবিদদের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমসহ ৩০ জনের বেশি শিক্ষককে আমন্ত্রণ জানানো হয়েছে।
২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে কাজ করছে ইসি। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হতে পারে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন।



