“অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি ভাষাসৈনিক আহমদ রফিক”
ভাষাসৈনিক ও বিশিষ্ট লেখক আহমদ রফিক আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। এর মাত্র একদিন আগেই, শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছিল।
আহমদ রফিকের ব্যক্তিগত সহকারী আবুল কালাম জানান, ২০২১ সালে পড়ে গিয়ে তাঁর পা ভেঙে যায়। এরপর থেকে ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে লেখালেখি বন্ধ হয়ে যাওয়ায় তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছেন। বর্তমানে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষই তাঁর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করছে।
এ বিষয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদী গণমাধ্যমকে বলেন, শুক্রবার চিকিৎসকের পরামর্শে তাঁকে বাসায় নেওয়া হয়েছিল। চিকিৎসকরা মনে করেছিলেন, হাসপাতালে রেখে চিকিৎসার প্রয়োজন নেই, বরং সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। কিন্তু শনিবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন আহমদ রফিক। তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু স্বীকৃতি ও সম্মাননা অর্জন করেছেন। কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধিতে ভূষিত করেছে। শতাধিক গ্রন্থের রচয়িতা ও সম্পাদক আহমদ রফিক ২০০৬ সালে স্ত্রীকে হারান। নিঃসন্তান এই ভাষাসৈনিক বর্তমানে একাই বাসায় থাকেন।



