“অমন মহান মানুষ কি আবারও আসবে এ ভূখণ্ডে?”

লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই

Sep 7, 2025 - 12:54
“অমন মহান মানুষ কি আবারও আসবে এ ভূখণ্ডে?”

লেখক, গবেষক, বুদ্ধিজীবী ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর মারা গেছেন। রোববার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনীতিবিদ ও সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান ফেসবুকে লিখেছেন, “বাংলাদেশে তার মতো হবার, এমনকি তাকে অনুসরণ করার মতো মানুষও নেই বললেই চলে। সাহসে, সততায়, ত্যাগে, পাণ্ডিত্যে তিনি ছিলেন অনন্য। আজ থেকে তা নিঃশেষ হয়ে গেল। অমন মানুষ কি আর জন্মাবে এ দেশে?”

জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম লালা জানান, বদরুদ্দীন উমর গত ২২ জুলাই শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপ নিয়ে হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ ১০ দিনের চিকিৎসা শেষে গত সপ্তাহে বাসায় ফেরেন। শনিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর শ্যামলীতে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৯৩১ সালের ২০ ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন বদরুদ্দীন উমর। তার বাবা আবুল হাশিম ভারতীয় মুসলিম জাতীয়তাবাদী রাজনীতিবিদ ছিলেন। ষাটের দশকে তিনি বাংলাদেশে জাতীয়তাবাদী আন্দোলন ও সাংস্কৃতিক বিষয় নিয়ে লেখা বইয়ের মাধ্যমে স্বাধীনতার সাংস্কৃতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সাম্প্রদায়িকতা’ (১৯৬৬), ‘সংস্কৃতির সংকট’ (১৯৬৭), এবং ‘সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা’ (১৯৬৯)।

উমর ছিলেন এক ত্যাগী ও অসাধারণ বুদ্ধিজীবী, যিনি কখনও শাসকদের অধীনে চাকরি করতেন না এবং তাঁর আদর্শকে সর্বদা অটল রেখেছিলেন।