অবশেষে মুক্তি পেল পপির আটকে থাকা সিনেমা
অবশেষে মুক্তি পেল চিত্রনায়িকা পপি অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ডাইরেক্ট অ্যাটাক’। আজ (শুক্রবার) সারা দেশে ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে দেখা যাবে ছবিটি। এই ছবির কাজ শেষ করার পরই নিজেকে অভিনয়ের বাইরে নিয়ে যান নায়িকা। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তার সন্ধান মিললেও তিনি আর অভিনয়ে ফিরবেন না বলে জানান। তাই ছবিটি হতে যাচ্ছে তার অভনীত শেষ সিনেমা।
সাদেক সিদ্দিকীর পরিচালনায় নির্মিত এই সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি ও আমিন খান। আরও আছেন শিরিন শিলা, মামনুন ইমন, আনিক রহমান অভি, রিপা, হেলাল খান, রেবেকা, আমির সিরজী ও সাগর সিদ্দিকীসহ আরও অনেকে।
পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে আমরা ‘ডাইরেক্ট অ্যাটাক’ নির্মাণ করেছি। দর্শকরা সিনেমাটি দেখে নিরাশ হবেন না এই বিশ্বাস রাখি।’
সিনেমার মুক্তি প্রসঙ্গে নির্বাহী প্রযোজক সেলিম শাকিব জানান, ‘এর আগে একাধিকবার মুক্তির পরিকল্পনা করলেও নানা কারণে তা সম্ভব হয়নি। এবার সব প্রস্তুতি সম্পন্ন। আজ ১৭ অক্টোবর দেশব্যাপী ‘ডাইরেক্ট অ্যাটাক’ মুক্তি পাচ্ছে।’



