রিকশাচালককে জুসে অচেতন করে রিকশা ছিনতাইয়ের চেষ্টা, যশোরে দম্পতি গ্রেপ্তার

যশোরে রিকশাচালককে জুস খাওয়ানোর পর রিকশা ছিনতাইয়ের চেষ্টা করার অভিযোগে দুইজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলেই তাদের গ্রেপ্তার করা হয়।

Oct 11, 2025 - 10:32
রিকশাচালককে জুসে অচেতন করে রিকশা ছিনতাইয়ের চেষ্টা, যশোরে দম্পতি গ্রেপ্তার

মোঃ নুরুল্লাহ  (অভয়নগর, যশোর) প্রতিনিধি ) যশোরে রিকশাচালককে জুস খাওয়ানোর পর রিকশা ছিনতাইয়ের চেষ্টা করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। পুলিশ জানায়, দড়াটানা মোড় এলাকা থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে এক দম্পতি একটি রিকশা ভাড়া করে তিন ঘণ্টা ঘোরাঘুরির কথা বলেন এবং ৫০০ টাকা ভাড়া দেওয়ার আশ্বাস দেন। রিকশাচালক তাদের বিশ্বাস করে রিকশা চালাতে থাকে।

একপর্যায়ে তারা আরবপুর মোড়ে থেমে জুস কেনে এবং রিকশাচালককেও পান করতে দেয়। পরে রাত সাড়ে ১০টার দিকে কুয়াদা গ্রামের শ্মশান ঘাটের সামনে পৌঁছালে রিকশা থামানোর পর ওই দম্পতি ধারালো চাকু দিয়ে চালককে ভয় দেখিয়ে রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

রিকশাচালকের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দুইজনকে আটক করে পুলিশে খবর দেয়। টহলরত এএসআই কামাল হোসেন ও তাঁর টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আসামিদের আটক করে এবং আহত রিকশাচালককে হাসপাতালে পাঠায়।

পরে এসআই দেবাশীষ হালদার ঘটনাস্থলে পৌঁছে আসামি মো. পারভেজের কাছ থেকে একটি ধারালো চাকুসহ আলামত উদ্ধার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—
১️⃣ মো. পারভেজ (২৪), পিতা মৃত জাফর আলী, গ্রাম চাড়াভিটা, থানা বাঘারপাড়া, জেলা যশোর।
২️⃣ মিষ্টি ইসলাম (২১), পিতা জহুরুল ইসলাম, গ্রাম বাউলিয়া হামিদপুর, থানা কোতোয়ালী, জেলা যশোর।

ঘটনার পর তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) আদালতে প্রেরণ করা হয়।