বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান

মোহাম্মদ গোলাম মোস্তফা।। বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান বৈষম্য, ঘুষ ও দুর্নীতিমুক্ত একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জামালপুর-০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের টালিয়াপাড়া, মাষ্টারবাড়ি ও টিকরকান্দি এলাকায় গণসংযোগ শেষে টিকরকান্দি বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাজমুল হক সাঈদী বলেন, “জনগণ আজ ঘুষ, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু ও জাকসু নির্বাচন এ পরিবর্তনেরই প্রাথমিক বার্তা দিয়েছে।" তিনি আরও বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামায়াত সবসময় প্রস্তুত, তবে নির্বাচনের আগে ২০২৪ সালের জুলাই আন্দোলনের আইনগত স্বীকৃতি, গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় মৌলিক সংস্কার নিশ্চিত করা অত্যাবশ্যক।” সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফিজুর রহমান মুক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা জামায়াতের অর্থ বিভাগের সেক্রেটারি অধ্যাপক ছামিউল হক, বকশীগঞ্জ পৌর জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন। আরও বক্তব্য রাখেন পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম, শ্রমিক নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী রাসেল মাহমুদ, স্থানীয় নেতা আবদুল মোমিন এবং মাওলানা ঈমান আলী। নাজমুল হক সাঈদী তাঁর বক্তব্যে ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রেক্ষাপট এবং ইতিহাসে জামায়াতের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, “জনগণের সমর্থনই জামায়াতের সবচেয়ে বড় শক্তি। দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে জাতীয় স্বার্থে এক হতে হবে।” পথসভা শেষে টিকরকান্দি গ্রামে একটি নির্বাচনী কমিটি গঠন করা হয়।

Sep 13, 2025 - 00:50
Sep 14, 2025 - 13:50