“নির্বাচনকালীন প্রস্তুতি: পুলিশদের বিশেষ প্রশিক্ষণ শুরু”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের পেশাদারিত্ব ও দায়িত্ব পালনের দক্ষতা বৃদ্ধির জন্য আজ রোববার (৭ সেপ্টেম্বর) থেকে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
এই কর্মসূচির আওতায় আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে সুষ্ঠু ও নিরাপদ দায়িত্ব পালনের জন্য দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। দেশজুড়ে বাংলাদেশ পুলিশের ১৩০টি ছোট ও চারটি বড় প্রশিক্ষণ কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে।
পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দফতরে ১৫০ জন মাস্টার ট্রেইনারকে মডিউল অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামীতে দেশের ১৯টি প্রশিক্ষণ কেন্দ্রে ১,২৯২ জন ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি) তৈরি করা হবে, যারা পরবর্তীতে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন জানান, নির্বাচনী প্রশিক্ষণে বাস্তবমুখী মহড়ার পাশাপাশি দুটি প্রামাণ্যচিত্র, একটি ১৫ মিনিটের অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, একটি ৯ মিনিটের ফিল্ম এবং একটি বুকলেট ব্যবহার করা হবে। এই উদ্যোগের লক্ষ্য নির্বাচনকালীন সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা।



