ছাগলের মুখে স্কচটেপ লাগিয়ে চুরির চেষ্টা, তার পরও ধরা

Jun 4, 2025 - 14:28
ছাগলের মুখে স্কচটেপ লাগিয়ে চুরির চেষ্টা, তার পরও ধরা

ছাগল চুরি করে মুখে স্কচটেপ লাগিয়ে বেঁধে নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে ধাওয়া করেছে এলাকাবাসী। 

স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইল পৌরসভার সমূর্ত্তজাহান মহিলা কলেজের পেছনে ফসলি জমিতে ঘাস খাচ্ছিল স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিনের একটি গৃহপালিত ছাগল। তখন একজন চোর ছাগলটিকে মুখে স্কচটেপ লাগিয়ে কোলে করে নিয়ে পালানোর সময়ে সামসুন্নাহার নামের এক নারী দেখে ফেলেন। 

এ সময় তিনি চিৎকার দিয়ে ধাওয়া করলে ছাগল ফেলে পালিয়ে যায় চোর।

শামসুন্নাহার বলেন, ছাগলটি আমার পরিচিত একজনের বলে সন্দেহ হওয়ায় আমি দেরি না করে চোরকে ধাওয়া করি। পরে ছাগল ফেলে পালিয়ে যায় চোর।

স্থানীয় বাসিন্দা আবদুল বারিক মিয়া বলেন, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন অভিনব কৌশলে চুরির ঘটনা এর আগে কখনো দেখা যায়নি।

বিলপাড়ের বাসিন্দা আবু হানিফ সরকার বলেন, এলাকায় ছাগল চোরের উপদ্রব খুব বেড়ে গেছে। সতর্কতা ছাড়া এখন ছাগল পালন অসম্ভব হয়ে পড়েছে।